September 14, 2026, 4:58 am

সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালু হচ্ছে : আইনমন্ত্রী

আবু জাফর সাতক্ষীরা

সাতক্ষীরার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং জনসাধারণের সমস্যা ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়।
আইনমন্ত্রী বলেন, সাব-রেজিস্ট্রারদের বদলিতে অনিয়ম ও পোস্টিং বাণিজ্য বন্ধে ঢাকায় লটারি পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সাব-রেজিস্ট্রি বিভাগ নিয়ে মানুষের মধ্যে নানা প্রশ্ন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় পোস্টিং পেতে অর্থ লেনদেনের অভিযোগ শোনা যায়। লটারি পদ্ধতি চালু হলে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বাক্‌স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি হলুদ সাংবাদিকতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে চরিত্রহননের অপচেষ্টা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। সাইবার আইন-২০২৬ সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও বাক্‌স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য উপকমিটিতে পাঠানো হয়েছে বলে জানান মন্ত্রী। সংশোধনী নিয়ে জনপরামর্শের প্রক্রিয়াও শুরু হয়েছে।
রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে আইনমন্ত্রী বলেন, এসব অপরাধের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ নেবে। বিচার বিভাগের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, অতীতে বিচার বিভাগের নানা সমস্যার কারণে গণতন্ত্র ও আইনের শাসন ক্ষতিগ্রস্ত হয়েছে; সরকার এখন বিচারব্যবস্থা মেরামতের কাজ করছে এবং এতে কিছুটা সময় লাগবে। এ কাজে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আস্থা কামনা করেন তিনি। এর আগে সকাল ৯টায় জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সমন্বয় সভায় অংশ নেন। সভায় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, রহমাতুল্লাহ পলাশ, আবু জাহিদ ডাবলু, আলহাজ্ব আব্দুর রউফ, এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, ড. মনিরুজ্জামান, এমপি ইজ্জত উল্লাহ, এমপি রবিউল বাশারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার