
কারিগরি ত্রুটির কারণে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের একটি বন্ধ হয়ে গেছে। এতে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে। বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে কেন্দ্রটির একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যায়। এর আগে দুটি ইউনিট মিলিয়ে কেন্দ্রটিতে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হওয়ার পর উৎপাদন কমে ৬০০ মেগাওয়াটের নিচে নেমে আসে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম জানান, রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ করা হয়েছে। ইউনিটটি বন্ধ হওয়ার পর পুনরায় চালু করার আগে প্রয়োজনীয় কুলডাউন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এ প্রক্রিয়ায় সাধারণত দুই থেকে তিন দিন সময় লাগে। এরপর প্রকৌশলীরা কেন্দ্রে গিয়ে ইউনিটটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি পর্যালোচনা করবেন। পরীক্ষার ফলাফল অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং সবকিছু স্বাভাবিক থাকলে ইউনিটটি পুনরায় চালু করা হবে।
মো. জহুরুল ইসলাম আরও বলেন, ইউনিটটি ঠিক কবে নাগাদ পুনরায় চালু করা সম্ভব হবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। কুলডাউন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকৌশলীরা পরীক্ষা-নিরীক্ষা করলে ইউনিটটির বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তিনি জানান, আরও দুদিন পর এ বিষয়ে ধারণা পাওয়া যেতে পারে। এদিকে একটি ইউনিট বন্ধ থাকায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংশ্লিষ্টরা ইউনিটটির কারিগরি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে দ্রুত উৎপাদনে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।