September 14, 2026, 6:01 am

ইরানকে চীনের সহায়তার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

অভয়নগর প্রতিবেদক

চলতি বছরের জুলাইয়ে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনায় ইরানকে একটি চীনা প্রতিষ্ঠান স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল—গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন সরাসরি নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের বরাতে দাবি করা হয়, হামলার আগে ইরান ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি পেয়েছিল। তবে প্রতিবেদনে কোনো নির্দিষ্ট চীনা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়নি।
আয়ারল্যান্ড সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। আগামী দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ প্রসঙ্গ তুলবেন কি না, জানতে চাওয়া হলে ট্রাম্প সরাসরি অভিযোগটি সমর্থন করেননি। বরং যুক্তরাষ্ট্র ও চীনের পারস্পরিক নজরদারি কার্যক্রমের বিষয়টি সামনে আনেন তিনি। ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রের ওপর নজরদারি চালালে যুক্তরাষ্ট্রও চীনের ওপর নজরদারি চালায়। তার বক্তব্যে দুই দেশের গোয়েন্দা ও নজরদারি কার্যক্রমকে অনেকটা একই ধরনের হিসেবে তুলে ধরা হয়।
শি জিনপিংয়ের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, চীনা প্রেসিডেন্ট যথেষ্ট যৌক্তিক আচরণ করছেন এবং যুক্তরাষ্ট্রও যৌক্তিকভাবেই এগোচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বেইজিং সরকারের সরাসরি সম্পৃক্ততার কোনো অভিযোগও তোলা হয়নি। ফলে চীনা সরকারের পক্ষ থেকে ইরানকে ওই তথ্য সরবরাহের বিষয়ে সরাসরি কোনো প্রমাণের কথা প্রতিবেদনে উল্লেখ নেই। আগামী ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠককে সামনে রেখে দুই দেশের সম্পর্কের উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ হিসেবেই ট্রাম্পের এমন মন্তব্যকে দেখছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার