September 14, 2026, 6:55 am

জমি বিরোধে বড় ভাইয়ের হামলায় ছোট ভাই নিহত

তানভীর আজাদ জাহিদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের হামলায় ইমদাদুল হক বাদাল (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে তপন (১৯) ও ভাতিজা বাবুল হোসেন (৩২) গুরুতর আহত হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক বাদাল ওই গ্রামের মৃত ফুলচাঁদ বাদালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ইমদাদুলের সঙ্গে তার বড় ভাই বজলু রহমান বাদালের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের ভাষ্য, হামলায় ইমদাদুল হক বাদাল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ছেলে তপনও হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। পরে বাবুল হোসেন বাধা দিতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোয়াজ আলী বলেন, জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে ও ভাতিজা আহত হয়ে কুষ্টিয়ায় চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থলে থাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হামলায় একজন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এলাকাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।



ফেসবুক কর্নার