September 15, 2026, 9:23 am

মদিনায় দুর্লভ খনিজ ও ইউরেনিয়ামের বড় মজুতের সন্ধান

অভয়নগর প্রতিবেদক

সৌদি আরবের মদিনা অঞ্চলে দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের বড় মজুতের সন্ধান পাওয়ার দাবি করেছে দেশটি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে সৌদি আরবের জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান এ তথ্য জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের মাধ্যমে ভারী দুর্লভ খনিজ উপাদান এবং উল্লেখযোগ্য ঘনত্বের ইউরেনিয়ামের সন্ধান মিলেছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই তথ্য সৌদি আরবের খনিজ সম্পদ ও জ্বালানি খাতে বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দেশটির অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে আরও বহুমুখী করার পরিকল্পনার অংশ হিসেবেও খনিজ সম্পদকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এই আবিষ্কারের কয়েক মাস আগে গত ২২ জুলাই যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট ও সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমানের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে মার্কিন প্রযুক্তি ও বিনিয়োগের সহায়তায় সৌদি আরবের পারমাণবিক প্রকল্পে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের পর দুই দেশের খনিজ খাতের সহযোগিতাও বাড়ে। ওই সময় সৌদি রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাআদেন’ ও মার্কিন প্রতিষ্ঠান ‘এমপি ম্যাটেরিয়ালস’-এর মধ্যে অংশীদারত্ব চুক্তি হয়। চুক্তির আওতায় একটি নতুন খনিজ প্রক্রিয়াকরণ প্ল্যান্ট তৈরির পরিকল্পনা রয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ৪৯ শতাংশ অর্থায়নে সম্মত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জেদ্দা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত জাবাল সাঈদ অঞ্চলটি ইতোমধ্যে গুরুত্বপূর্ণ খনিজ ক্ষেত্র হিসেবে পরিচিত। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশ্লেষণ অনুযায়ী, ওই এলাকায় প্রায় ৫ লাখ ৫২ হাজার টন ভারী এবং ৩ লাখ ৫৫ হাজার টন হালকা দুর্লভ খনিজ উপাদান রয়েছে। একই বিশ্লেষণে প্রায় ৩১ হাজার টন ইউরেনিয়ামের মজুতের কথাও বলা হয়েছে। এসব সম্পদের সম্ভাব্য মোট মূল্য প্রায় ১০০ বিলিয়ন ডলার বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সৌদি ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরও দুটি খনিজ অঞ্চল চিহ্নিত করেছে, যেগুলোর সম্মিলিত ধারণক্ষমতা প্রায় ৬৪ কোটি ৪০ লাখ টন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।



ফেসবুক কর্নার