September 16, 2026, 1:31 pm

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলাসহ বিভিন্ন মামলার আসামি মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সাতজনকে মাদকসেবনের অভিযোগে আটক করা হয়েছে। মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাঁচপুর দক্ষিণপাড়ার আপন খান (২১), দক্ষিণ নাউরীর মো. ইমরান (২২), বন্দর উপজেলার বঙ্গশাসনের খোরশেদ (৩০), খাগুটিয়ার মো. আকবর (৩৯), কৃষ্ণনগরের মো. আফাজ উদ্দিন (৪০), পঞ্চবটির জসিম সরকার (৫৫) ও খামারগাঁওয়ের মো. তাজুল ইসলাম (২৫)।
পুলিশ জানায়, নিয়মিত মামলায় বারদী সেনপাড়ার মো. শাহ আলম (৪০) ও পিরোজপুরের রকিবুল হাসান ইমনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মোগড়াপাড়া ইউনিয়নের সাবেক যুবলীগ কর্মী মো. মাসুম (৩৮), সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ইসমাইল রহমান রাতিন (৩০), পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাব্বি সীমান্ত গাজী (২৮), যুবলীগের সদস্য মনির হোসেন (৪০) এবং সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সদস্য আব্দুর রহমান অমি (২৩)কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
অন্যদিকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গোয়ালদী এলাকার মো. উজ্জল মিয়া এবং ভবনাথপুর এলাকার মো. আব্দুস ছালাম ওরফে সেন্টু মিয়াকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. বারিক বলেন, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার