
পঞ্চগড়ে এক নারীর সঙ্গে অনৈতিক কাজের অভিযোগে একটি মসজিদের খতিব ও ওই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সুগার মিলের কোয়ার্টারে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি পঞ্চগড় সুগার মিল জামে মসজিদের খতিব মো. শহিদুল ইসলাম। আটক নারী শাহিনুর আক্তার (১৯)। তিনি পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া এলাকার আব্দুস সাত্তারের মেয়ে। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, শাহিনুর আক্তার মঙ্গলবার বিকেল থেকে সুগার মিলের কোয়ার্টারে খতিব শহিদুল ইসলামের বাসায় অবস্থান করছিলেন। পরে রাতে খাবার কেনার জন্য তিনি সুগার মিল বাজারে গেলে স্থানীয় কয়েকজন তরুণের সন্দেহ হয়। এরপর তাকে আবার খতিবের বাসায় দেখতে পেয়ে বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। একপর্যায়ে খতিবের বাসায় নারী থাকার বিষয়টি নিয়ে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন তরুণ ওই বাসায় প্রবেশ করেন। এ সময় সেখানে হট্টগোল সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পঞ্চগড় সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে খতিব শহিদুল ইসলাম ও শাহিনুর আক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, উত্তেজিত জনতার হাত থেকে নারীসহ ইমামকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।