September 17, 2026, 9:42 am

পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় যুবকের মৃত্যু

জাকারিয়া হোসেন  ভ্রাম্যমান পটুয়াখালী প্রতিনিধি: 

পটুয়াখালী সদর উপজেলায় সড়কের পাশে থাকা তালগাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ফেরদাউস (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার পশ্চিম আউলিয়াপুর শরীফ বাড়ির স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদাউস আমতলী উপজেলার শাখারিয়া হাজিরহাট এলাকার শাহিন মিয়ার ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক এবং দুই ভাই ও এক বোনের মধ্যে পরিবারের ছোট সন্তান। তার বাবা বর্তমানে প্রবাসে রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বুধবার বিকেলে পটুয়াখালী শহর থেকে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন ফেরদাউস। পশ্চিম আউলিয়াপুর শরীফ বাড়ির স্ট্যান্ডসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা সড়কের ডানদিকে মোড় নেয়। এ সময় অটোরিকশাটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে ফেরদাউস মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। পরে মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি তালগাছে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান।

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা. মো. আফতাব উদ্দিন জানান, হাসপাতালে আনার পর ফেরদাউসের ইসিজি পরীক্ষা করা হয়। পরীক্ষায় কোনো হৃদ্‌স্পন্দন পাওয়া যায়নি। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। চিকিৎসকের ধারণা, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন। বাড়ি ফেরার পথে তরুণ মোটরসাইকেল চালকের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার