September 20, 2026, 8:01 am

ভাঙ্গায় ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় আহত তিন

বিপ্লব পোদ্দার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম বাজার সংলগ্ন ফ্লাইওভারে পিকআপের ধাক্কায় তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফ্লাইওভারের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রুতগতির একটি বড় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির চালক ও হেলপারসহ তিনজন আহত হন। ধাক্কার তীব্রতায় পিকআপে থাকা ব্যাটারি ও বিভিন্ন মালামাল সড়কের ওপর ছিটকে পড়ে। দুর্ঘটনার পর পিকআপটি বিকল হয়ে সড়কের ওপর পড়ে থাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতরা হলেন হবিগঞ্জের সোহেল মিয়ার ছেলে রফিক (২৮), একই জেলার আজিজ মিয়ার ছেলে মমিন আলী (২৬) এবং অজ্ঞাতনামা এক মোটরসাইকেলচালক। আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে হাইওয়ে পুলিশের সদস্যরাও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনার বিষয়ে পর্যবেক্ষণ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়েই ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দেয়। তবে কী কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে পড়া মালামাল সরিয়ে নেওয়া এবং যান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয় উৎসুক জনতার ভিড় জমে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।



ফেসবুক কর্নার