September 20, 2026, 8:00 am

নেপালে সংকটকালে ছওয়াব ফাউন্ডেশনের মানবিক সহায়তা

নাজমুল ইসলাম চৌধুরী, ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

নেপালের সাম্প্রতিক সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ছওয়াব ফাউন্ডেশন। মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী নেপালের নুয়াকোট জেলার ৫ নম্বর ওয়ার্ডে শতাধিক পরিবারের মধ্যে জরুরি প্রয়োজনীয় সামগ্রী ও শতাধিক ফুড প্যাক বিতরণ করা হয়েছে। বিতরণ করা সামগ্রীর মধ্যে ২৩টি পরিবারকে রান্নার চুলা, ২৩টি পরিবারকে তাবু, সোলার লাইট ও ম্যাট্রেস, ২৩টি পরিবারকে হাইজিন প্যাক এবং ২৩টি পরিবারকে কম্বল দেওয়া হয়। সংকটকালীন সময়ে এসব সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মানবিক সহায়তা কার্যক্রমে ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমে অংশ নেন। নেপালের স্থানীয় সহযোগী সংস্থা নেপাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনডিএস)-এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। ছওয়াব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সংকটের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। ধর্ম, বর্ণ, দেশ ও জাতির সীমারেখা অতিক্রম করে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনগুলোতে নেপালের আরও অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও জানানো হয়।
ছওয়াব ফাউন্ডেশন নেপালে মানবিক সহায়তার পাশাপাশি বাংলাদেশেও সুদমুক্ত ঋণ বিতরণের মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কাজ করছে বলে জানানো হয়েছে। জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার বলেন, নেপালে শতাধিক মানুষের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করতে পেরে তিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছেন। খুব শিগগিরই আরও সহায়তা নিয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সকলকে ছওয়াব ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।



ফেসবুক কর্নার