September 20, 2026, 8:10 am

জাজিরায় ককটেল বিস্ফোরণে আহত গৃহবধূর মৃত্যু

জাহিদ হাসান, জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় বসতবাড়ির রান্নাঘরে মজুত করে রাখা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত রোকেয়া বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর ফরাজী হাসপাতালে ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত ৫ সেপ্টেম্বর দুপুরে উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া চরকান্দি এলাকায় ফারুক ছৈয়ালের বাড়িতে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। নিহত রোকেয়া বেগম ওই বাড়ির মালিক ফারুক ছৈয়ালের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রান্নার জন্য রান্নাঘরে প্রবেশ করলে সেখানে মজুত করে রাখা ককটেল বিস্ফোরিত হয় এবং তিনি গুরুতর আহত হন। বিস্ফোরণের ঘটনায় রান্নাঘরের টিনের চালা উড়ে গিয়ে পাশের বাঁশঝাড়ে পড়ে এবং আশপাশের দুটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।
বিস্ফোরণের পর স্থানীয়রা রোকেয়া বেগমকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তাঁকে ফরাজী হাসপাতালে স্থানান্তর করা হয়। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর আহম্মেদ বলেন, রোকেয়া বেগমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল এবং তাঁর শরীরে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। এদিকে বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে রান্নাঘরে বিপুল পরিমাণ ককটেল মজুত থাকার তথ্য পায়। এসব ককটেল কীভাবে সেখানে মজুত করা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ্ আহাম্মদ বলেন, সেনেরচরে ককটেল বিস্ফোরণের ঘটনাটি আত্মঘাতী ছিল এবং বিষয়টি তদন্তাধীন। রোকেয়া বেগমের মৃত্যুর বিষয়ে এখনো কোনো অফিসিয়াল কাগজপত্র পাওয়া যায়নি এবং এ ঘটনায় কোনো অভিযোগও হয়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এর আগে গত ১০ আগস্ট একই এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ব্যাপক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় মান্নান সরদার নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হন বলে স্থানীয় সূত্র জানায়। কয়েক সপ্তাহের ব্যবধানে একই এলাকায় সংঘর্ষ ও বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রোকেয়া বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার