September 20, 2026, 10:40 pm

পাটিকাবাড়ী ক্যাম্পে খাবার খেয়ে ১০ পুলিশ অসুস্থ

অভয়নগর প্রতিবেদক

কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন অচেতন হয়ে গেলে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ক্যাম্পে দায়িত্ব পালনরত সদস্যরা নিয়মিত রাতের খাবার খান। খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়েন। পরে কয়েকজন অচেতন হয়ে গেলে তাঁদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অসুস্থ পুলিশ সদস্যদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। খবর পেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজ নেন। ক্যাম্পে রান্না করা খাবারও সংগ্রহ করা হয়েছে। খাবারে কোনো ধরনের সমস্যা ছিল কি না, তা জানতে নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে তিনি পুলিশ ক্যাম্পে গেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ বলেন, রাতের খাবার খাওয়ার পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাবার পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং পরীক্ষার ফলাফল ও তদন্তের পর অসুস্থতার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ জানিয়েছে, খাবারে কোনো সমস্যা হয়েছিল, নাকি অন্য কোনো কারণে সদস্যরা অসুস্থ হয়ে পড়েছেন, তা তদন্ত ও পরীক্ষার ফলাফল পাওয়ার পরই স্পষ্ট হবে।



ফেসবুক কর্নার