September 21, 2026, 11:36 pm

বিদেশে পাঠানোর নামে ৮ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ: নওয়াপাড়ার ‘বিন হাসান’ মালিক গ্রেপ্তার, কারাগারে

অভয়নগর উপজেলার প্রতিনিধিঃ আল মামুন গাজী

 

বিদেশে ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর অভয়নগরের বিতর্কিত ব্যবসায়ী মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আবুল হাসান নওয়াপাড়ার বহুল আলোচিত ব্যবসাপ্রতিষ্ঠান ‘বিন হাসান’-এর মালিক।
​গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার গুলশান-২ নম্বরের তাহের টাওয়ারের ১৪তম তলায় অবস্থিত ‘বিন হাসান হলিডেস’ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মো. মাছুম রেজা খান বাদী হয়ে গুলশান থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় এই মামলাটি (মামলা নং-২৮, তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬) দায়ের করেন। এজাহারে মোট ৮ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়েছে।


মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে রাশিয়ায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা নেন আবুল হাসান ও তার সহযোগীরা। পরবর্তীতে একই বছরের ২৯ সেপ্টেম্বর বাদী মাছুম রেজা খান, খোকন চন্দ্র সাহা ও মো. নিরব আলী আকন্দকে ডেনমার্কে পাঠানোর কথা বলে ব্যাংক হিসাবের মাধ্যমে আরও ৩ লাখ টাকা গ্রহণ করা হয়।

​এর কিছুদিন পর, ১৫ অক্টোবর শফিকুল ইসলাম আরমান ও আকাশ চন্দ্র পালকে গ্রিস ও সাইপ্রাসে পাঠানোর প্রলোভন দেখিয়ে ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতিটি লেনদেনের বিপরীতে ভুক্তভোগীদের চুক্তিপত্র ও মানি রিসিভ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হয়ে গেলেও কাউকে বিদেশে পাঠানো হয়নি। প্রলোভনের শিকার ব্যক্তিরা টাকা ফেরত চাইলে আবুল হাসান টালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে গুলশানের অফিস বন্ধ করে আত্মগোপনে চলে যান।


মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার এসআই রিশাদ আহম্মেদ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।


স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হাসান কিছুদিন আগে যশোরের নওয়াপাড়ায় এসে একটি বড় ভবন ভাড়া নিয়ে ‘বিন হাসান’ নামে ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন। নিজেকে আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, আমদানিকারক ও দানবীর হিসেবে পরিচয় দিয়ে এলাকায় একটি বেসরকারি স্কুল প্রতিষ্ঠার ঘোষণাসহ নানামুখী সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হন। তবে কিছুদিন পর দীর্ঘদিনের ভবন ভাড়া বকেয়া রেখেই রাতারাতি কার্যালয় গুটিয়ে ঢাকায় চম্পট দেন তিনি। পরবর্তীতে গুলশানে নতুন অফিস খুলে পুনরায় জালিয়াতি শুরু করেন।

​এর আগে নওয়াপাড়ার ‘জেপিএন ট্রেড’-এর স্বত্বাধিকারী মো. নুরুজ্জামান রিপন আবুল হাসানের বিরুদ্ধে প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও জীবননাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছিলেন। এ ঘটনায় যশোর আদালতে একটি মানহানির মামলাও বিচারাধীন রয়েছে।



ফেসবুক কর্নার