September 21, 2026, 11:36 pm

জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব

মোঃ ইসমাইল হোসেন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং রাজধানীসহ শহরাঞ্চলে ১৮ পয়সা ভাড়া বাড়তে পারে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিআরটিএর বনানী কার্যালয়ে বাসভাড়া সমন্বয় নিয়ে অনুষ্ঠিত বৈঠকে পরিবহন মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকের পর প্রস্তাবটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভাড়া কতটা বাড়বে, সে বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর প্রজ্ঞাপন জারি করে নতুন ভাড়া কার্যকর করা হবে।
বিআরটিএ সূত্র জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে অন্যান্য ব্যয় যুক্ত করে সাধারণত বাসভাড়া নির্ধারণ করা হলেও এবার শুধু জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নেওয়ার প্রস্তাব করা হয়েছে। গত রোববার ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। সেই হিসাবে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব বাস্তবায়িত হলে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪৩ পয়সা এবং নগর বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭১ পয়সা হতে পারে।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এবং দ্রুত প্রজ্ঞাপন জারির প্রত্যাশা রয়েছে। সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম বলেন, আগেরবারও জ্বালানির মূল্যবৃদ্ধির ভিত্তিতে ভাড়া সমন্বয় করা হয়েছিল। তবে এর মধ্যে যন্ত্রাংশসহ অন্যান্য ব্যয় বাড়লেও মানুষের দুর্ভোগ বিবেচনায় এবার শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির হারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া বাড়ানোর বিষয়ে তারা একমত হয়েছেন। বিআরটিএর প্রস্তাব অনুযায়ী, বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ টাকা অপরিবর্তিত রাখার কথা রয়েছে।



ফেসবুক কর্নার