
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন আবারও র্যাম্পে হাঁটতে যাচ্ছেন। আগামী ২৮ সেপ্টেম্বর প্যারিস ফ্যাশন উইকের ‘লে দেফিলে’ আয়োজনে অংশ নেবেন তিনি। আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের আয়োজনে বসবে অনুষ্ঠানটির নবম আসর।
এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। লরিয়াল প্যারিসের দূত হিসেবে ঐশ্বরিয়ার উপস্থিতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। র্যাম্পে তার প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
আয়োজনে লরিয়াল প্যারিসের নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’ও উন্মোচন করা হবে। এতে ভারতীয় ত্বকের রঙ বিবেচনায় ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন রঙ থাকবে। ঐশ্বরিয়ার সঙ্গে একই আয়োজনে সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আন্তর্জাতিক তারকারাও অংশ নেবেন।