October 5, 2026, 10:02 pm

সাংবাদিক নেতা খন্দকার আছিফুর রহমান তোতার ইন্তেকাল

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা দুর্ঘটনাজনিত কারণে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খন্দকার আছিফুর রহমান তোতা দীর্ঘদিন ধরে সাংবাদিকদের অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করে আসছিলেন। সাংবাদিকদের ওপর নির্যাতন, হয়রানি ও বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে তিনি সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে সহকর্মী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।
খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহীন আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি সাংবাদিকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা ও বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন কাজ করেছেন। নানা প্রতিকূলতা, অত্যাচার ও নির্যাতন সহ্য করেও সাংবাদিকদের পাশে থেকেছেন। তাঁর অবদান সাংবাদিক সমাজ দীর্ঘদিন স্মরণ করবে বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
এদিকে খন্দকার আছিফুর রহমান তোতার মৃত্যুতে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পত্রিকার সম্পাদক ও প্রকাশক শাহীন আহমেদ, বার্তা সংশ্লিষ্ট কর্মকর্তা, রিপোর্টার মোঃ ইসমাইল হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাঁরা এ শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। সাংবাদিকতা ও সাংবাদিকদের কল্যাণে খন্দকার আছিফুর রহমান তোতার দীর্ঘদিনের ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।



ফেসবুক কর্নার