
হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।
এর আগে, গত সোমবার (২১ সেপ্টেম্বর) সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী ২০২৪ সালের ৮ অক্টোবর হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ব্রিটেন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জনের পর তিনি ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী, ২০০৭ সালে হাইকোর্ট বিভাগে এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।
তিনি সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র। বয়সসংক্রান্ত সাংবিধানিক শর্ত পূরণ হওয়ায় এবার তাঁকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ নিয়োগের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়াল ১০০ জন।