
দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে আবারও চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে প্রথম দফার চার দিনের রিমান্ড শেষে তাকে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন পুনরায় সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন
ডিবির রিমান্ড আবেদনে বলা হয়, প্রথম দফার জিজ্ঞাসাবাদে আসামির কাছ থেকে মামলার তদন্তসংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়নি। নিহতের পরিবার ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে এবং পারিবারিক নানা বিষয়কে কেন্দ্র করে ঘটনাটি ঘটতে পারে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও মূল রহস্য উদঘাটনে নজরুল ইসলামকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে তদন্ত কর্মকর্তা আদালতের কাছে আবেদন করেন।
এর আগে ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও মরিয়মের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিনের এবং মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।