
গাজা পুনর্গঠন ফিলিস্তিনিদের নিজেদের শাসনের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করা উচিত বলে মন্তব্য করেছেন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দুই-রাষ্ট্রভিত্তিক ব্যবস্থায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
মধ্যপ্রাচ্য প্রসঙ্গে হান ঝেং বলেন, উপসাগরীয় দেশসহ এ অঞ্চলের রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। গাজার পুনর্গঠন ‘ফিলিস্তিনিরাই ফিলিস্তিন শাসন করবে’ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে নেওয়া উচিত। এর আগে আগস্টে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকেও চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছং একই নীতির কথা তুলে ধরেছিলেন। তিনি ফিলিস্তিনিদের বৈধ জাতীয় অধিকার ও দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
হান ঝেং বিশ্বব্যবস্থায় জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থা ও আন্তর্জাতিক আইনের ভিত্তি সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বিরোধের সমাধান সংলাপের মাধ্যমে হওয়া উচিত। জাতিসংঘ সনদ লঙ্ঘন করে একতরফা সামরিক পদক্ষেপ এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন এড়িয়ে যাওয়ার বিরোধিতা করেন তিনি। একই সঙ্গে বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় বড় দেশগুলোর বিশেষ দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন চীনের এই নেতা।