
ফ্যামিলি কার্ড নিয়ে যেকোনো ধরনের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’ ও ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-২০২৬’ বাস্তবায়নে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন।
ডেপুটি স্পিকার বলেন, অতীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অনিয়মের কারণে প্রকৃত সুবিধাভোগীরা বাদ পড়েছেন। কোথাও স্বচ্ছল ব্যক্তি ও বিবাহসূত্রে অন্য উপজেলায় চলে যাওয়া ব্যক্তিদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার ছাপরা ঘর বা গৃহহীন-অসহায় মানুষের বাড়ি থেকে তথ্য সংগ্রহ শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ভুলবশতও শুরুতেই বিল্ডিং বা হাফ-বিল্ডিংয়ের অধিবাসীদের নাম দেওয়ার বিষয়ে সতর্ক করেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে এমন সংস্কৃতির পরিবর্তন করতে হবে, যেখানে দরিদ্রের কুঁড়েঘরে না গিয়ে স্বচ্ছল বাড়িতে যাওয়া হয়। সর্বশেষ দরিদ্র ব্যক্তিটির কাছেও আগে পৌঁছাতে হবে। দুর্নীতি ও স্বজনপ্রীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে তিনি বলেন, অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না; আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কারাগারে যেতে হবে। সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন।