October 5, 2026, 12:08 pm

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর আস্থা নেই: পেজেশকিয়ান

অভয়নগর প্রতিবেদক

 

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আর কোনো আস্থা নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগের দফার আলোচনার পরও ইরানের ওপর হামলা ও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রচারিত ওই সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের ওপর তাদের কোনো আস্থা নেই এবং দেশটির সঙ্গে কীভাবে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব, সেটিও তারা জানেন না।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করেন পেজেশকিয়ান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সেখানে যুদ্ধ বন্ধ এবং সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব দেন তারা। আরাগচি জানান, প্রস্তাবের প্রথম ধাপগুলো বাস্তবায়নে চার থেকে পাঁচ দিন সময় লাগবে। ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সপ্তম দিনে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত চুক্তির আলোচনা শুরুর কথা রয়েছে।

এর বিনিময়ে ইরান ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, তেল বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়া, আটকে থাকা প্রায় ১২ বিলিয়ন ডলার সম্পদ ছাড় এবং লেবানন ও ইয়েমেনসহ পুরো অঞ্চলে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। পেজেশকিয়ান জানান, কাতার ও পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ইরানের বার্তা যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিচ্ছে। তিনি বলেন, বর্তমান আলোচনার ভিত্তি গত জুনে হওয়া একটি সমঝোতা স্মারক, যার মেয়াদ গত মাসে শেষ হয়েছে। তাই নতুন আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।



ফেসবুক কর্নার