October 5, 2026, 6:36 am

কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত ৩, আহত অন্তত ১০

অভয়নগর প্রতিবেদক

 

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানানো হয়। কিয়েভের আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, সোফিভস্কা বোরশচাহিভকা গ্রামের একটি বাজারে ড্রোন হামলা চালানো হলে পুরো এলাকায় যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, শনিবার থেকে রাশিয়া বিভিন্ন ধরনের ২৭৭টি আক্রমণকারী ড্রোন পাঠিয়েছে। এসব হামলায় ইউক্রেনজুড়ে বেসামরিক ও সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবন হিসেবে ব্যবহৃত একটি ভবনও রয়েছে বলে জানান জেলেনস্কি।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, কিয়েভে রুশ ড্রোন হামলায় একটি কিন্ডারগার্টেন, স্কুল, আবাসিক ভবন, গাড়ি মেরামতের দোকান, গুদাম ও যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়েছে। তার ভাষ্য, এ হামলা মানুষকে মানসিকভাবে ভেঙে দেওয়া এবং ইউক্রেনীয় সমাজের যতটা সম্ভব ক্ষতি করার চেষ্টা। এ ছাড়া দনিপ্রোর একটি ক্রীড়া বিদ্যালয় ও সুমি অঞ্চলের একটি শিশুনিবাসও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার