October 5, 2026, 10:29 pm

অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

আগামী অক্টোবর ও নভেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিনটি দেশ সফরের প্রস্তুতি চলছে। এর মধ্যে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরে বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি বিষয়ে আলোচনা, নভেম্বরে তুরস্কে জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম কপ সম্মেলনে অংশগ্রহণ এবং একই মাসের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরের পরিকল্পনা রয়েছে। টোকিও, আঙ্কারা ও রিয়াদের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এসব সফর আয়োজনের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জ্যেষ্ঠ পর্যায়ে যোগাযোগ চলছে।
ঢাকা ও টোকিওর কূটনৈতিক সূত্র জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে জাপান সফরে যেতে পারেন তারেক রহমান। সফরটি তিন থেকে চার দিনের হতে পারে। সম্প্রতি ঢাকায় দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এ সফর আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। এদিকে তুরস্কের আনাতোলিয়ায় আগামী ১০ থেকে ১২ নভেম্বর কপ৩১-এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে প্রধানমন্ত্রী তুরস্ক সফর করবেন বলে আঙ্কারা সূত্র জানিয়েছে।
নভেম্বরের দ্বিতীয়ার্ধে সৌদি আরব সফরেরও প্রস্তুতি চলছে। ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদ সফরে যেতে পারেন তারেক রহমান। সফরটি আয়োজনের বিষয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরের নতুন সময়সূচি নিয়েও ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, নভেম্বরের তৃতীয় সপ্তাহে ভারত সফর হতে পারে।



ফেসবুক কর্নার