October 5, 2026, 7:24 pm

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব শুরুর আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসক আঁচলের

অভয়নগর প্রতিবেদক

 

ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় পরদিন দায়িত্ব নেওয়ার কথা ছিল মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আঁচল রায়ের। প্রস্তুতিও ছিল তার। তবে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩০ বছর বয়সী এই চিকিৎসক। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি ৪২তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ছিলেন।

মুগদা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুদ আলম তারেক জানান, অসুস্থ হওয়ার আগের দিনও হাসপাতালে দায়িত্ব পালন করেন আঁচল। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পরদিন তার ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। পরিবার সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রথম চার দিন বাসায় চিকিৎসা নেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। পঞ্চম দিনে রক্তে প্লাটিলেট দ্রুত কমে গেলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হলেও পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয় বলে জানান স্বামী চিকিৎসক বিপ্লব চন্দ্র দাস।

নোয়াখালী মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের শিক্ষার্থী আঁচল সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ইন্টারনাল মেডিসিনে এফসিপিএসের মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ এবং যুক্তরাজ্যের এমআরসিপি পার্ট-ওয়ান পাস করেছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান আঁচল ঢাকায় বেড়ে ওঠেন এবং খিলগাঁও সি ব্লকে বাবা মনীশ রায় ও মা শ্রীমতি মিতা রায়ের সঙ্গে থাকতেন। প্রায় ১৭ মাস আগে বিপ্লব চন্দ্র দাসের সঙ্গে তার বিয়ে হয়; তাদের কোনো সন্তান ছিল না। তার মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গভীর শোক প্রকাশ করে তাকে নিবেদিতপ্রাণ চিকিৎসক হিসেবে উল্লেখ করেছেন।



ফেসবুক কর্নার