
আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়েছে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। শৌচাগারে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে নামার পর কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে পিচ্চি রাজা প্রাকৃতিক কাজ সারার জন্য শৌচাগারে যাওয়ার কথা বলে। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে একটি শৌচাগারে নিয়ে গেলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় সে। এ ঘটনায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তদন্ত কমিটি বিষয়টি খতিয়ে দেখবে। তবে পুলিশ সূত্রে তদন্ত কমিটিতে পাঁচ সদস্য থাকার কথা বলা হলেও পরবর্তী তথ্যে তিন সদস্যের কমিটি গঠনের কথা জানানো হয়েছে।
প্রসঙ্গত, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে ঢাকায় নেওয়া হয়। হাজিরা শেষে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ ফিরিয়ে নেওয়ার সময় নাওজোড় এলাকায় এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার একটি সূত্র জানায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রী ও শ্যালকসহ নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয় এবং ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়। পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে সূত্র।