October 5, 2026, 8:52 pm

অপতথ্য রোধে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অভয়নগর প্রতিবেদক

তথ্যের অবাধ প্রবাহের পাশাপাশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত এবং অপতথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে ২৮ সেপ্টেম্বর তথ্য কমিশনের হলরুমে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্যরোধে তথ্য অধিকারের ভূমিকা’।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে তথ্যের কোনো অভাব নেই; বরং সঠিক তথ্যের পাশাপাশি অপতথ্য ও অসত্য তথ্যের বিস্তার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই তথ্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলভাবে তথ্য পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার, লাইক বা কমেন্ট করার আগে তা যাচাই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুল ও অসত্য তথ্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গণমাধ্যমকর্মী, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষকে তথ্য ব্যবহারে দায়িত্বশীল হতে হবে।
ইয়াসের খান চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার এবং এআইয়ের অপব্যবহারের মাধ্যমে মানুষের ছবি ও পরিচয় ব্যবহার করে হেয়প্রতিপন্ন ও মানহানি করা হচ্ছে। এ ধরনের অপসংস্কৃতি থেকে সমাজকে বেরিয়ে আসতে হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সচিব মাহবুবা ফারজানা, অধ্যাপক ড. সুমন রহমান, সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা অপতথ্য প্রতিরোধ, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ও এআইয়ের অপব্যবহার মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।



ফেসবুক কর্নার