October 5, 2026, 7:10 pm

জিয়াউল-তারেক সাঈদের তদন্ত প্রতিবেদন জমা পেছাল

অভয়নগর প্রতিবেদক

 

বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ও অব্যাহতিপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদের তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় পেয়েছে প্রসিকিউশন। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন জমার দিন ধার্য করেন।

ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্রসিকিউশনের পক্ষে সময় আবেদন করেন প্রসিকিউটর ড. মোহাম্মদ অলি মিয়া। তিনি জানান, তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বুধবার দিন ধার্য ছিল। তবে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা আরও দুই মাস সময় চেয়েছেন। এরই মধ্যে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এদিন সকালে কারাগার থেকে জিয়াউল আহসান ও তারেক সাঈদকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন জানায়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরে বিএনপি নেতা আবদুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুলকে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যার অভিযোগ রয়েছে। একই বছরের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসামে বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে গুমের অভিযোগে মামলাগুলোর তদন্ত চলছে।



ফেসবুক কর্নার