
দেশে যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র্যাব) ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়ার অংশ। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নিরসনে এ কার্যক্রম ভবিষ্যতেও জোরদার করা হবে।
মন্ত্রী বলেন, গণপূর্ত মন্ত্রণালয় আনসার সদর দপ্তর নির্মাণে ৩.৪২৮ একর (প্রায় ১১ বিঘা) জমি বরাদ্দ দিয়েছে। খিলগাঁওয়ের অপরিসর জায়গা ও যাতায়াতের সীমাবদ্ধতা দূর করতে এখানে আধুনিক ও বৃহৎ অবকাঠামো গড়ে তোলা হবে। বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার, ৬০ হাজার অঙ্গীভূত আনসার এবং ৩৫ হাজার ভিডিপি দলনেতার অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিভাগীয় আইনি ব্যবস্থা ও ফৌজদারি মামলা করা হচ্ছে বলে জানান তিনি। ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় অটোমেশন ও এআই প্রযুক্তি ব্যবহারের কথাও জানান মন্ত্রী। পাশাপাশি রাস্তা খনন ও নির্মাণকাজে যানজট কমাতে খণ্ড খণ্ডভাবে কাজ শেষ করে দ্রুত রাস্তা পুনর্নির্মাণের নির্দেশনার কথা তুলে ধরেন তিনি।