আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। বুধবার (৩০ সেপ্টেম্বর) অপারেশন শাখা থেকে এ নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠি দেশের সব পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। জেলা পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করতে বলা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি কিউআরটিতে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করতে হবে। আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব টিম দ্রুত কাজ করবে।
চিঠিতে কিউআরটির সদস্যদের অংশগ্রহণে মাদক ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত সমন্বিত অভিযান ও মহড়া আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বিতভাবে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও সদস্যদের সংখ্যা এবং উদ্ধার ও আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতেও নির্দেশ দেওয়া হয়েছে।