
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে যাচ্ছেন। এর আগে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানা গেছে।
গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর মিষ্টির পদত্যাগের বিষয়টি সামনে আসে। ওই ঘটনার পর সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এরপর দলীয় পর্যায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়। বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। মিষ্টি ওই কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এ ছাড়া মিষ্টির অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে অভিযোগ ও বিতর্ক ছিল। ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল। দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সংসদ সদস্য পদ ছাড়ার পাশাপাশি তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করতে পারেন বলে দলীয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে