
পুলিশের তালিকাভুক্ত ২৭ মামলার আসামি পিচ্চি আলামিনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১ অক্টোবর) রামপুরা থানাধীন টিভি রোড এলাকা থেকে দুই সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি রিভলভার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এসআরবি জানায়, পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন দীর্ঘদিন ধরে রাজধানীর রামপুরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। নির্মাণাধীন ভবন, বাজার, দোকানপাট, টেম্পুস্ট্যান্ড, ডিস ব্যবসায়ী ও ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকে সে চাঁদা আদায় করত বলে জানায় সংস্থাটি।
সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর রামপুরার বনশ্রী এলাকার ‘গ্রীনজোন অনলাইন’ নামের একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সময় প্রতিষ্ঠানটির কাছে এককালীন ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং ব্যবসা পরিচালনা করতে হলে প্রতি মাসে পাঁচ লাখ টাকা দিতে হবে বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। চাঞ্চল্যকর কাইল্ল্যা পলাশ হত্যা মামলাতেও পিচ্চি আলামিন আসামি হিসেবে তালিকাভুক্ত।