
কুমিল্লার দেবিদ্বারে বাঁশঝাড়ের মালিকানা ও বাঁশ কাটা নিয়ে বিরোধের জেরে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাঁশ-বেতের কারিগরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের জয়নাল আবেদীন (এনু) মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের মৃত মোয়াজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় স্বামীকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী নারগিস আক্তারও আহত হয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। বিকেলে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গেলে একই বাড়ির মৃত জয়নাল আবেদীন (এনু) মেম্বারের ছেলে এনামুল হক লিমন (৪৭) ও তাঁর ভাতিজা এমদাদুল হক নিশাদ (২৬) বাধা দেন। বাঁশঝাড়টি নিজেদের দাবি করা নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে লিমন, নিশাদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে শফিকুলের ওপর হামলা চালান বলে পরিবারের অভিযোগ। তাঁকে হাতুড়ি দিয়ে পেটানো ও দা দিয়ে কোপানোর পর লিমন ছুরি দিয়ে তাঁর পেটে আঘাত করেন। স্বামীকে রক্ষা করতে গেলে নারগিসকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা শফিকুল ও তাঁর স্ত্রীকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে লিমনকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশ। এসআই সাগর বড়ুয়া জানান, হত্যাকাণ্ডের পর লিমন বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে ঘরের ভেতরে অবস্থান করছিলেন। দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে বাঁশ কাটা ও পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের কথা জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।