
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, অন্যকে নসিহত করার আগে নিজেদের ঘরের দিকে তাকানো উচিত। তিনি বলেন, তাদের কিছু সদস্য নারীদের ওপর নির্যাতন করছে, যা নিয়ে তদন্ত চলছে। তাই এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না বলেও জানান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনীর পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিরোধীদলকে ইঙ্গিত করে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত মানুষকে বিভ্রান্ত করে কিছু আসনে জয় পেয়েছে। এরপর তারা দেশে অরাজকতা তৈরির চক্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা এবং নারী নির্যাতনের ঘটনা সবাই জানে। বর্তমানে তারা আবার অরাজকতা ও নারী নির্যাতনের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ’ প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুই-আড়াই বছর আগে বড় বন্যায় এই ব্রিজের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। ভবিষ্যতে এমন বন্যা প্রতিরোধেই প্রকল্পটি নেওয়া হয়েছে, যা তাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ।