
তিন মাস আগে নিখোঁজ হওয়া মানিকগঞ্জের সাটুরিয়ার মানসিকভাবে অসুস্থ এক নারীকে সিংগাইর থেকে উদ্ধার করে বাড়ি নিয়ে গেছেন তার স্বামী। কয়েক দিন আগে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় রাস্তার পাশে অসহায় অবস্থায় ওই নারীকে দেখতে পান স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর রবিউল হক। পরে ‘ভয়েস অব রবিউল ভাই’ পেজে তার একটি ভিডিও প্রকাশ করা হলে সেটি দেখে স্ত্রীকে শনাক্ত করেন স্বামী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন ওই নারী। এরপর স্ত্রীকে খুঁজতে আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল ও মাজারসহ বিভিন্ন স্থানে ছুটে বেড়ান তার স্বামী। দীর্ঘদিনেও সন্ধান না পাওয়ায় হতাশ হয়ে পড়েন তিনি। এদিকে নিখোঁজ নারী নিজের নাম-ঠিকানাও ঠিকমতো বলতে পারছিলেন না। তিনি কখনো মানুষের কাছে খাবার চাইতেন, আবার কখনো রাস্তার পাশে অবস্থান করতেন।
রবিউল হক বলেন, ওই নারীকে রাস্তার পাশে অসহায় অবস্থায় দেখে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেন তিনি। এ উদ্দেশ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পরে ভিডিওটি ওই নারীর স্বামীর নজরে এলে তিনি স্ত্রীকে শনাক্ত করেন এবং গত ২৮ সেপ্টেম্বর গোবিন্দল এলাকায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে যান। বৃহস্পতিবার (১ অক্টোবর) রবিউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে তিনি আনন্দিত।