
রোজার আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিন ধাপের ভোটগ্রহণ সম্পন্ন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ভোট শুরু হতে পারে। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, প্রথম ধাপের ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ইসি জানিয়েছে, নভেম্বর-ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনা করে বছরের শুরুতে ইউপি নির্বাচন আয়োজনের চিন্তা করা হচ্ছে। রোজার আগে একাধিক ধাপে প্রায় দুই হাজার ইউপিতে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে। রোজার পর এসএসসি পরীক্ষাসহ অন্যান্য বাস্তবতা বিবেচনা করে পরবর্তী ধাপের ভোট আয়োজন করা হবে। এর আগে নভেম্বর থেকে ভোট শুরুর পরিকল্পনা থাকলেও আন্তঃমন্ত্রণালয় বৈঠকে পরীক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যস্ততার বিষয়টি উঠে আসে।
ইসি সচিবালয় সূত্র জানায়, প্রথম ধাপে কোন কোন উপজেলার ইউপিতে ভোট হবে, তা চূড়ান্ত করার কাজ চলছে। আগের পরিকল্পনায় ৮০টি উপজেলার ইউপিকে বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে প্রয়োজন অনুযায়ী এতে সংযোজন-বিয়োজন হতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে ভোট শুরু হলে তফসিল ৪০ থেকে ৪৫ দিন আগে দিতে হবে। ইউপি নির্বাচনের পর পর্যায়ক্রমে স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচন আয়োজনের পরিকল্পনাও রয়েছে।