October 5, 2026, 5:44 am

সালমান মুক্তাদিরের শ্বশুরের চার ওয়্যারহাউস সিলগালা

অভয়নগর প্রতিবেদক

‘অননুমোদিত’ ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের চারটি ওয়্যারহাউস সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর গুলশানে ‘টস বন্ড প্রাইভেট লিমিটেডে’ যৌথ অভিযান চালিয়ে এসব ওয়্যারহাউস সিলগালা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যৌথভাবে অভিযান পরিচালনা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে ‘গুরুতর অসংগতি’ পাওয়ায় অধিকতর যাচাইয়ের জন্য ওয়্যারহাউসগুলো সিলগালা করা হয়েছে। তবে অভিযানে কী পরিমাণ মদ পাওয়া গেছে বা অসংগতির বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পের বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়। পরে নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার করা মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। পুলিশ জানায়, মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী ও মিজানুর রহমানসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়ে বিএফআইইউ বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।



ফেসবুক কর্নার