October 5, 2026, 11:20 am

বাগেরহাট কারাগারে খাবার আটকে হাজতির মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাট জেলা কারাগারে গলায় খাবার আটকে চাঁন মিয়া ফকির (৪৪) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে খাবার খাওয়ার সময় তার গলায় খাবার আটকে যায়। পরে কারারক্ষীরা দ্রুত তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত চাঁন মিয়া ফকির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর ফুলহাতা গ্রামের মৃত হেলাল উদ্দিন ফকিরের ছেলে। তিনি বাগেরহাট জেলা কারাগারে হাজতি নম্বর ৪২৪১/২৬ হিসেবে বন্দি ছিলেন। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। কারাগার সূত্র জানায়, সকালে হাজতিদের সবজি ও রুটি খেতে দেওয়া হয়েছিল।
বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার বলেন, কারাগার থেকে অসুস্থ অবস্থায় এক হাজতিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট জেলা কারাগারের সুপার মো. মোস্তফা কামাল জানান, খাবার খাওয়ার সময় গলায় খাবার আটকে যাওয়ার বিষয়টি জানার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোরেলগঞ্জ থানায় জানানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার