
চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের নিচে পড়ে ফখরুদ্দিন বাবলু নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলু চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়।
স্থানীয়রা জানান, বিকেলে ষোলশহর রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বাবলু। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে ভিড় জমে যায়।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহতের মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।