October 3, 2026, 10:56 pm

নোয়াখালীতে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ জন আটক

আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে চলন্ত পিকআপে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সেবারহাট বাজার এলাকায় স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশে খবর দেন। আটকের সময় তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে আটক ব্যক্তিদের বয়স নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেলেও পুলিশ তাদের কিশোর হিসেবে উল্লেখ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ সেবারহাটের দিকে যাচ্ছিল। সেনবাগ স্টেডিয়ামের সামনে কয়েকজন তরুণ পিকআপটিতে ওঠেন। পরে চলন্ত অবস্থায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের নজরে এলে তারা মোটরসাইকেলে পিকআপটির পিছু নেন এবং সেবারহাট বাজার এলাকায় পথরোধ করে ৯ জনকে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
আটক ৯ জন হলেন মাহবুব আলম রাতুন, হাবিবুল হাসান রানা, মো. আবদুল কাদের রিয়াদ, জামশেদুল হাসান আশিক, আবদুল সায়েম, কাজী মো. আশরাফুল হক দাউদ ওরফে সাগর, আরিফুল ইসলাম, আশরাফুল ইসলাম মোহন ও আশরাফুল ইসলাম রায়হান। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, ছাত্রদল নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশে খবর দিলে পুলিশ হেফাজতে নেয়। পরে শনিবার (৩ অক্টোবর) তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে নোয়াখালী জেলা আদালতে পাঠানো হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার