
হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করে তার দেওয়া বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়। সোমবার (৫ অক্টোবর) রাতে পুলিশ প্রশাসন তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করে।
স্থানীয়দের দাবি, সম্প্রতি চুনারুঘাটের রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে গিয়ে স্থানীয়দের সামনে ঘুষ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এএসআই ইলিয়াস। ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইবো নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’ তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, মামলা তদন্তসহ বিভিন্ন কাজে এএসআই ইলিয়াসের বিরুদ্ধে ঘুষ দাবি এবং টাকা না দিলে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় তাকে ক্লোজড করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।