October 7, 2026, 10:43 am

স্ত্রী দাবি করলেই বকেয়া দেনমোহর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অভয়নগর প্রতিবেদক

বিয়ের সময় বকেয়া রাখা দেনমোহর স্ত্রী দাবি করলে স্বামীকে তাৎক্ষণিকভাবে পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। দেনমোহর পাওয়ার জন্য স্ত্রীকে বিবাহবিচ্ছেদ কিংবা স্বামীর মৃত্যুর মতো ঘটনার জন্য অপেক্ষা করতে হবে না। বিচারপতি আব্দুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ দেনমোহরসংক্রান্ত একটি দেওয়ানি রিভিশন মামলার নিষ্পত্তিতে এ পর্যবেক্ষণ ও রায় দেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়।
রায়ে আদালত বলেন, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো স্বামী দেনমোহর পরিশোধে অযথা কালক্ষেপণ করে স্ত্রীকে আদালতের দ্বারস্থ হতে বাধ্য করলে সংশ্লিষ্ট বিচারিক আদালত মূল দেনমোহরের পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিতে পারবে। একই সঙ্গে দেওয়ানি চুক্তি বা আইনের সুস্পষ্ট ব্যত্যয় ঘটিয়ে দেনমোহরের কোনো অংশ কমানো, হ্রাস করা বা মওকুফ করার এখতিয়ার কোনো আদালতের নেই বলেও পর্যবেক্ষণ দেন হাইকোর্ট।
রায়ে পবিত্র কোরআনের বিভিন্ন সুরার প্রাসঙ্গিক আয়াতের উল্লেখ করে আদালত বলেন, ইসলামে দেনমোহর বকেয়া রাখার সুযোগ নেই; এটি স্ত্রীর তাৎক্ষণিক ও অবিচ্ছেদ্য প্রাপ্য অধিকার। মামলার আইনজীবী ব্যারিস্টার ইশরাত হাসান রায়টিকে নারীর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, আর্থিক সামর্থ্য থাকা সত্ত্বেও দেনমোহর পরিশোধে স্বামীর টালবাহানার সুযোগ কমবে এবং নারীর সামাজিক ও আর্থিক নিরাপত্তা জোরদারে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার