October 8, 2026, 5:37 am

সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা 

আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচরে কৃষিজমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপন ও ইট তৈরির জন্য মাটি কাটার অভিযোগে এ.কে.বি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ভাটার মালিক মো. আকবর হোসেনকে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ অক্টোবর) উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানাউল্লাহ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে এ.কে.বি ব্রিকস ফিল্ডের মালিক মো. আকবর হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে কৃষিজমি থেকে ইটের কাঁচামাল তৈরির জন্য মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের কারণে স্থাপিত ব্রিকস ফিল্ডটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান বলেন, কৃষিজমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা এবং কৃষিজমিতে ইটভাটা স্থাপনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের নেতৃত্বে অভিযানে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রায়হান মোর্শেদ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, চরজব্বর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার