
খুলনা মহানগরীর পূর্ব বানিয়া খামার এলাকায় একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতিসহ মো. কামরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই ব্যক্তি পালিয়ে যান। রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়া খামার ইঞ্জিনিয়ার গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশের পাঠানো প্রাথমিক তথ্য অনুযায়ী, কামরান হোসেনসহ তিনজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে কামরানের ব্যাগ ধরে টান দিলে সেখান থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড কার্তুজ ও একটি চাপাতি রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করলে দুই ব্যক্তি পালিয়ে যান। এ সময় কামরানকে আটক করে মারধর করা হয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক তথ্যে কামরানকে খুলনার আলোচিত ‘বি কোম্পানি’ গ্রুপের সদস্য জিতু ও সিজানের সহযোগী বলে উল্লেখ করা হয়েছে। তবে তদন্তের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত নিশ্চিত হওয়া প্রয়োজন। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ, পলাতক দুই ব্যক্তির পরিচয় এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।