শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির
খোরশেদ আলম খসরু ; স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
Update Time :
Monday, November 23, 2026
/
23 Time View
/
Share
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার চর্চা বাড়াতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরব্যাপী ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নিজ নিজ বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সমন্বয় করে এসব কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক অধ্যাপক মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়। নোটিশটি অধিদপ্তরের সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডির কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য খেলাধুলা আয়োজনেরও পরামর্শ দেওয়া হয়েছে।
চিঠিতে সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়েছে। একাডেমিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরজুড়ে খেলাধুলার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়াচর্চায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলা আয়োজনের প্রস্তাব দেন। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বাড়ানো এবং সুস্থ জাতি গঠনে খেলাধুলার ভূমিকার কথা তুলে ধরে তিনি এ উদ্যোগের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
প্রস্তাবটির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। এর ধারাবাহিকতায় মাউশি থেকে মাঠপর্যায়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নিয়মিত খেলাধুলার সুযোগ শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দলগত কাজ, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হতে পারে।