October 8, 2026, 8:15 am

ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২

শাহ আজহারুল ইসলাম,

ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে আল আমিন ও হুসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা উপজেলার নয়নপুর এলাকার বাসিন্দা। গত ৪ অক্টোবর রাতে মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ২৩ বছর বয়সী ওই নারী কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম কারখানায় কাজ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ৪ অক্টোবর রাত ১০টার দিকে কারখানার ছুটির পর ভুক্তভোগী অটোরিকশায় মল্লিকবাড়ী মোড় থেকে নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। নয়নপুরের ৯ নম্বর এলাকায় পৌঁছে পায়ে হেঁটে যাওয়ার সময় আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি নিজে বাদী হয়ে তিনজনকে আসামি করে ভালুকা মডেল থানায় মামলা করেন।
পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আল আমিন ও হুসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি ইকবাল হোসেন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।



ফেসবুক কর্নার