October 8, 2026, 5:48 am

আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ

রায়হান কাজী, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

নওগাঁর আত্রাইয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কে নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিম্নমানের খোয়া অপসারণ করে নির্ধারিত মানের নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এলজিইডির নির্দেশনা উপেক্ষা করে নিম্নমানের খোয়া দিয়েই সড়কের সাববেইজের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
জানা গেছে, আত্রাই উপজেলার সিদ্ধেশ্বরী মোড় থেকে মিঠাপুর পর্যন্ত প্রায় ২ দশমিক ৩ কিলোমিটার সড়ক নির্মাণে প্রায় তিন কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। প্রকল্পের আওতায় বর্তমানে সড়কটির নির্মাণকাজ চলমান রয়েছে। এরই মধ্যে মিঠাপুর থেকে দরগাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত অংশে নিম্নমানের খোয়া দিয়ে সাববেইজের কাজ সম্পন্ন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, নির্মাণকাজের শুরু থেকেই ব্যবহৃত খোয়ার মান নিয়ে প্রশ্ন উঠলেও বিষয়টি যথাযথভাবে গুরুত্ব দেওয়া হয়নি।
অভিযোগের পর বিষয়টি উপজেলা প্রকৌশলীর কার্যালয়, এলজিইডির নজরে এলে নিম্নমানের খোয়া সরিয়ে নির্ধারিত মানের খোয়া ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশনার পরও একই ধরনের নিম্নমানের খোয়া দিয়ে কাজ এগিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি সড়কটির স্থায়িত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। ইতোমধ্যে নিম্নমানের খোয়া দিয়ে সম্পন্ন করা অংশ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নির্মাণকাজে কঠোর তদারকি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার