
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যের কক্ষের তালা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেনের উপস্থিতিতে কেটে খুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এর আগে উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে তাঁর উপশহরের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসেন বিএনপির নেতাকর্মীরা। তালা খোলার পর মামলার তদন্তকারী কর্মকর্তা কক্ষ থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেন।
ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন বলেন, বহিরাগত কেউ কক্ষটিতে তালা ঝুলিয়েছিল। তালা খুলে কক্ষটি তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি বলেন, বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নির্দেশনায় উপাচার্যকে বাসা থেকে সসম্মানে নিয়ে আসা হয়েছে। কোনো নেতাকর্মী অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে মঙ্গলবার উপাচার্যকে একটি কাগজে জোরপূর্বক সই করানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে এবং এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন। পুলিশ জানিয়েছে, ভিডিও ও ছবি বিশ্লেষণ করে আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার মো. নাজমুল হোসাইন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু উপাচার্যকে তাঁর কক্ষে নিয়ে যাবেন। এরপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।