
সিকদার মোহাম্মদ শাকুর, কলাপাড়া প্রতিনিধি
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময়ে সাগর ও নদ-নদীতে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ। নিষেধাজ্ঞাকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছেন গভীর সাগরে মাছ শিকারে থাকা জেলেরা।
ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা ঘাটে ফিরছেন এবং অনেকে জাল ও মাছ ধরার সরঞ্জাম গুছিয়ে রাখছেন। তবে টানা ২২ দিন মাছ আহরণ বন্ধ থাকায় জেলে পরিবারগুলোর মধ্যে জীবিকা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী জানান, নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে অভিযান ও নজরদারি চালানো হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করে জেলে ও মাছ ব্যবসায়ীদের সচেতন করা হয়েছে।
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, কলাপাড়ায় নিবন্ধিত ১৮ হাজার ৩৬৪ জন জেলের জন্য ৪৫৯ দশমিক ১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। প্রত্যেক নিবন্ধিত জেলে ২৫ কেজি করে চাল পাবেন। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার সময়ে মা ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দিলে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিষেধাজ্ঞা সফল করতে জেলে, মাছ ব্যবসায়ী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তারা।