
নাটোরের সিংড়ায় ২৮ পিস ইয়াবাসহ রাজন খাঁন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের ক্ষীরপোতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রাজন খাঁন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারুহাস গ্রামের মৃত হায়দার আলী খাঁনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রাজন খাঁন বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। এ সময় তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ক্ষীরপোতা গ্রাম মাদক নির্মূল সংগঠনের সহায়তায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সিংড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজন খাঁনকে হেফাজতে নেয়। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, স্থানীয়দের সহায়তায় ২৮ পিস ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে