
নাটোর রেলস্টেশনের প্রথম শ্রেণির যাত্রী বিশ্রামাগার থেকে চুরি হওয়া ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধার না হওয়ায় ঢাকায় ফিরে গেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী রেলস্টেশন থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা হন ১৮ বছর বয়সী এই পর্যটক। তাঁর মালামাল উদ্ধারে রাজশাহী মহানগর পুলিশ, গোয়েন্দা পুলিশ, র্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
বুধবার নাটোর রেলস্টেশনে টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় এক ব্যক্তির কাছে নিজের জিনিসপত্র রেখে যান ক্রিল। ওই ব্যক্তি নিজেকে রেলওয়ের কর্মকর্তা পরিচয় দিয়েছিলেন। ফিরে এসে তাঁকে ও ব্যাগটি না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ল্যাপটপের অবস্থান রাজশাহীতে শনাক্ত হওয়ায় বুধবার রাতে সেখানে যান ক্রিল। পুলিশ তাঁর থাকার ও খাবারের ব্যবস্থা করে। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, ল্যাপটপে গুরুত্বপূর্ণ তথ্য ও ডেটা রয়েছে। বাংলাদেশে প্রথমবার ভ্রমণে এসে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে বলেও জানান তিনি।